রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে আজ রোববার রাতে বসছে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। বিশ্বকাপ নিয়ে মেতে ছিলেন বাংলাদেশের অনেক তারকা। অনেকের প্রিয় দল এরই মধ্যে বিদায় নিয়েছে বিশ্বকাপ ফুটবলের আসর থেকে। এরপরও অনেকের চোখ আজ থাকবে টেলিভিশনের পর্দায়। আজ তাঁরা সমর্থন করছেন ফ্রান্স কিংবা ক্রোয়েশিয়াকে। ফাইনালে কোন দলটির জেতার সম্ভাবনা বেশি—তা নিয়ে কথা বলেছেন কয়েকজন তারকা।
রাজধানীর এফডিসিতে আজ দুপুরে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং করেন চিত্রনায়ক শাকিব খান। তাড়াতাড়ি শুটিং শেষ করে বাসায় চলে যাবেন। কারণ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখবেন। শুরু থেকেই জানার চেষ্টা করা হয়েছিল, বিশ্বকাপে তাঁর প্রিয় দল কোনটি? তিনি বলেছেন, যে দল ভালো খেলবে, সেটাই আমার প্রিয়। ফাইনালে এসেও একই কথা বলবেন?
শাকিব খান বলেন, ‘আজ আমি ক্রোয়েশিয়ার সমর্থক। এবার বিশ্বকাপ ফুটবলের সব কটি খেলা দেখেছি। একটা খেলায়ও এই দলটি হারেনি। দারুণ খেলে ফাইনালে এসেছে। এই দলে কয়েকজন খেলোয়াড় তো আমার ভালোবাসা আদায় করেছে। এর মধ্যে ইভান রাকিতিচ, লুকা মদরিচ ও মারিও মানজুকিচের নাম না বললেই নয়। আমি মন থেকে চাই, বিশ্বকাপ যেন ক্রোয়েশিয়ার ঘরে যায়। যেভাবে তারা এত দূর এসেছে, এটা তাদের প্রাপ্য। অন্যদিকে ফ্রান্সও কিন্তু তারুণ্যনির্ভর একটি দল। এই দলে আঁতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপ্পে, পল পগবা ও স্যামুয়েল উমতিতির মতো অসাধারণ খেলোয়াড় রয়েছেন। ফাইনাল খেলাটা ফাইনালের মতোই হবে বলে মনে হচ্ছে। তবে সবকিছুর পর বলব, ক্রোয়েশিয়া জিতুক।’
চঞ্চল চৌধুরী আজ ক্রোয়েশিয়ার সমর্থক। তবে বিশ্বকাপ ফুটবলে বরাবর আর্জেন্টিনাকে সমর্থন করে আসছেন চঞ্চল চৌধুরী। তাঁর প্রিয় দল বিদায় নিয়েছে অনেক আগে। তবে শুটিংয়ের ফাঁকে বিশ্বকাপের সব কটি দলের খেলা উপভোগ করেছেন। ফাইনালে এসে চঞ্চলের পুরো সমর্থন ক্রোয়েশিয়ার প্রতি। তিনি মনে করছে, ফাইনালে ক্রোয়েশিয়া জিতবে। নতুন এই দলের পারফরম্যান্সে মুগ্ধ এই অভিনেতা।






