গত ৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটের স্পীকার কাউন্সিলার আয়াস মিয়ার বাছাইকৃত চ্যারিটি ওরগেনাইজেশন সমুহের ফান্ড রেইজিংয়ের লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোরম চ্যারিটি সন্ধ্যা ” স্পীকার অব টাওয়ার হ্যামলেটস চ্যারিটি বল”। সন্ধ্যা ৭টায় লন্ডনের অভিজাত ক্যানারি ওয়ার্ফের ইস্ট উইন্টার গার্ডেনে পৌনে তিনশত অতিথির সমাগম ঘটেছিল। রেওয়াজ অনুযায়ী টাওয়ার হ্যামলেট কাউন্সিল প্রতি বছর স্পীকার মনোনীত চ্যারিটি সংস্থা সমুহের জন্য এরকম চ্যারিটি ডিনারের আয়োজন করে।
ত্রয়োদশ এই চ্যারিটি ডিনারের পুরো অনুষ্ঠানটি উপভোগ্য ও আনন্দময় হয়ে উঠে প্রেজেন্টার এন্ডির প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনায়। উল্লেখ্য প্রতি বছর স্পীকার নির্বাচনের পর নির্বাচিত স্পীকাররা তাদের পছন্দ মতো কয়েকটি চ্যারিটি সংস্থা মনোনীত করেন। যে সংগঠন গুলো বছর শেষে স্পীকার কর্তৃক উত্তোলিত অর্থ সমান ভাবে বরাদ্দ পায়। আগামী ফেব্রুয়ারিতে এরকম আরো একটি স্পীকার চ্যারিটি ডিনার হবার কথা রয়েছে। এবারের স্পীকারের বাছাইকৃত চ্যারিটি সংস্থা গুলো হচ্ছে দ্যা লাইম হাউজ প্রজেক্ট, স্পোর্টিং ফাউন্ডেশন, সেন্ট হিলডা’স কমিউনিটি সেন্টার ও ডরসেট কমিউনিটি এসোসিয়েশন। সব গুলো সংস্থা টাওয়ার হ্যামলেটের বাসিন্দাদের বিভিন্নভাবে সেবা প্রদান করে যাচ্ছে।
সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অতিথি বৃন্দ আসতে থাকলে স্পীকার আয়াস মিয়া ও তার সহধর্মিনী স্বাগত জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্যানারি ওয়ার্ফ গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর হাওয়ার্ড দাওবার, উপস্থিত অতিথি বৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন স্পীকার আয়াস মিয়া, আরো বক্তব্য রাখেন মেয়র জন বিগস, রোসনারা আলী এমপি , জিএলএ মেম্বার উমেশ দেশাই।
তাছাড়া আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেয়র, সাবেক স্পীকার, বর্তমান ও সাবেক কাউন্সিলার বৃন্দ, ডেভেলপার, বিভিন্ন হাউজিং এসোসিয়েশনের প্রতিনিধি বৃন্দ, ব্যবসায়ী, সামাজিক , রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান উপলক্ষ্যে স্পীকারের কার্যালয় একটি ম্যাগাজিন প্রকাশ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিলো লন্ডন – সিলেট বিমানের একটি রিটার্ন টিকিটের নিলাম , রাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।






