কোভিড-১৯ সংক্রমণ ৩০ শতাংশ কমে গেছে

ইংল্যান্ডে চলমান লকডাউনে কোভিড-১৯ সংক্রমণ ৩০ শতাংশ কমে গেছে বলে নতুন এক গবেষণায় দেখা গেছে।
বিশেষ করে যেসব এলাকায় সংক্রমণের বিস্তার বেশি ছিল সেসব এলাকায় উল্লেখ করার মত উন্নতি হয়েছে। তবে সংক্রমণ কমে এলেও ইংল্যান্ডে এখনও পরিস্থিতি উদ্বেগজনক।

তাই এখনও ‘হাঁফ ছাড়ার’ সময় হয়নি বলে মনে করেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। দেশবাসীকে সতর্ক করে তিনি বলেন, ‘‘গবেষণার তথ্য বলছে আমাদের করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই থেকে হাঁফ ছাড়ার সময় এখনও হয়নি।”

বিবিসি জানায়, গত ১৩ থেকে ২৪ নভেম্বর ইমপেরিয়াল কলেজ লন্ডন এক লাখের বেশি মানুষের উপর এই গবেষণা ‍চালায়। ‘রিয়্যাক্ট-১’ শিরোনামে এই গবেষণার তথ্য অত্যন্ত নির্ভরযোগ্য এবং কোভিড-১৯ নিয়ে দেশের সর্বশেষ চিত্র তুলে ধরেছে।

ইমপেরিয়ালের গবেষণায় এলোমেলো ভাবে লোকজনের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাদের শরীরে রোগের উপসর্গ আছে কি নেই তা বিবেচনা করা হয়নি।

গবেষণার ফলে দেখা যায়, তার আগের গবেষণা ফলের চাইতে ১৩-২৪ নভেম্বরের গবেষণা ফলে সংক্রমণ বিস্তারের হার ৩০ শতাংশ কমে এসেছে।