আপসহীন কণ্ঠস্বর আজ চিরতরে নীরব হয়ে গেছে

বাংলাদেশের রাজনীতির আকাশে যে ধ্রুবতারা চার দশক ধরে দীপ্তি ছড়িয়েছে, সেই আপসহীন কণ্ঠস্বর আজ চিরতরে নীরব হয়ে গেছে। রাজনৈতিক অঙ্গনের কিংবদন্তি নেত্রী দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। কোটি কোটি মানুষকে শোকসাগরে ভাসিয়ে দিয়ে তিনি চিরবিদায় নিয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ৩৮ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮০ বছর ৪ মাস ১৫ দিন। এ সময় তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের সদস্যসহ দলের কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার ভোরে বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদ ঘোষণা করার পর সারা দেশে শোকের ছায়া নেমে আসে। শোকাহত মানুষ এভারকেয়ার হাসপাতালে গিয়ে ভিড় করেন। তার চিরপ্রস্থানে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা আর পূরণ হওয়ার নয়।