যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রদর্শনীতে ইভিটিওএল এয়ারক্র্যাফ সুপারনাল এস-এ২

ঢাকার রাস্তার গল্পটা সবার জানা। সবার অফিসমুখী জ্যাম থেকে আবার রাতের ফিরতি জ্যাম! সময় যেন এখানে সবচেয়ে বেশি আটকে পড়ে। উবার, পাঠাও বা ওভাইয়ের মতো রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম শহরের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করলেও, জ্যামের ভেতরে ঢুকে পড়লে ব্যক্তিগত বা ভাড়ার কোনো যানই আর বিশেষ সুবিধা দিতে পারে না। তখন মনে হয়Ñযদি গাড়িটা হঠাৎ ডানা মেলে আকাশে উঠতে পারত! এই কল্পনার আরেক নাম এয়ার ট্যাক্সি।এয়ার ট্যাক্সি মূলত এমন এক পরিবহনব্যবস্থা, যেখানে স্বল্প দূরত্বে যাত্রী বহনের জন্য ব্যবহার করা হবে ছোট আকারের উড়ন্ত যান। এগুলো হেলিকপ্টারের মতো উল্লম্বভাবে আকাশে উঠতে ও নামতে পারবে। আবার বিমানের মতো সামনের দিকে দ্রুতগতিতে উড়তেও সক্ষম হবে। শহরের ভেতরেই নির্ধারিত ‘ভার্টিপোর্ট’ থেকে এসব যান যাত্রী তুলবে এবং গন্তব্যের কাছাকাছি নামিয়ে দেবে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিকস শোয়ে (সিইএস) এই ভবিষ্যৎ পরিবহনের এক ঝলক দেখিয়েছে দক্ষিণ কোরিয়ার মোটরযান নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই। তারা সেখানে প্রদর্শন করেছে তাদের নতুন ইভিটিওএল এয়ারক্র্যাফটÑসুপারনাল এস-এ২ (Supernal S-A2)।