সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রায় দেড় ঘণ্টার অনুশীলন। অনুশীলন শেষে সতীর্থরা যখন বসে বিশ্রাম করছেন, ডাবের পানিতে ভেজাচ্ছেন গলা, তখন মাঠে একা দৌড়াচ্ছিলেন জামাল ভূঁইয়া। নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকেই বাংলাদেশ অধিনায়ক এমনটিই করছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সাত মাস খেলা বন্ধ ছিল। খেলার বাইরে থেকে ফিটনেসের ঘাটতি পুষিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টাই করছেন তিনি।
দীর্ঘ সময় খেলার বাইরে থেকে সোজা আন্তর্জাতিক ফুটবলে ফেরা—ব্যাপারটা মোটেও সহজ নয়। আন্তর্জাতিক ফুটবলে ভালো করার পূর্বশর্তই ফিটনেস। সেটি বাড়তি পরিশ্রম করে আগের অবস্থানে ফিরিয়ে আনার ব্যাপারে জামাল গুরুত্ব দিচ্ছেন। তবে বাংলাদেশ অধিনায়ককে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে নেপালের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স। ২০১৮ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ২-০ গোলে হারের স্মৃতি অনেক দিনই তাড়িয়ে বেড়াবে বাংলাদেশকে। তবে গত ডিসেম্বরে সিংহভাগ জাতীয় দলের খেলোয়াড় নিয়ে গড়া বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল কাঠমান্ডুর এসএ গেমসে নেপালের কাছে হেরেই ফাইনালে উঠতে পারেনি। নেপাল তাই দুশ্চিন্তায় ফেলছে জামালকে।






