আজ ১৩ জানুয়ারি রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’ প্রচার করেছে বিশেষ পর্ব। নির্ধারিত আয়োজন ছিল এটুকুই। পরে এটিই নিখাদ ভালোবাসায় পূর্ণ আড়ম্বর জন্মদিন উৎসবে পরিণত হয়।
আজ রোববার সকাল সাড়ে সাতটা থেকে দেড় ঘণ্টা ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা তাঁর সংগীতশিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারার শিল্পীদের নিয়ে গান আর আড্ডায় মেতেছিলেন। শুরুতে শিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘তোমার সুরের ধারা’ গানটি। একপর্যায়ে মঞ্চে আসেন সাদি মহম্মদ। বন্যার জন্মদিন উপলক্ষে শীতের সকালে চ্যানেল আই কার্যালয়ের ছাতিমতলায় শিল্পী, অভিনেতা, লেখক, কবি, সাহিত্যিকসহ বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়। তাঁদের সঙ্গে নিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা জন্মদিন উপলক্ষে প্রকাশ করেন রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘তুমি মোর পাও নাই পরিচয়’ প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। মোড়ক উন্মোচন পর্বে ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, কথাসাহিত্যিক আলী ইমাম, ফরহাদুর রেজা প্রবাল প্রমুখ।






