বাংলাদেশে বিক্ষোভ দমনে কী কী ঘটেছে, তার বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান যেন আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক রীতিনীতি ও মানদণ্ড মেনে হয়, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলকার টুর্ক বলেছেন, সর্বশেষ প্রাপ্ত খবরে দেখা যাচ্ছে যে সরকারি নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও তরুণদের আন্দোলনের জেরে ১৭০ জনের বেশি নিহত এবং ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কাউকে কাউকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। অন্তত দুজন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বিরোধী দলের সদস্যসহ কয়েক শ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।






