‘অনির্বাচিত সরকার জনবান্ধব বাজেট দিতে পারেনা’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে সম্প্রতি প্রস্তাবিত বাজেটের। আজ দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব বলেন, অবৈধ সরকার জনবান্ধব বাজেট দিতে পারবে না। এই বাজেট বাস্তবায়ন যোগ্য নয়। আমরা মনে করি একটি সুষ্ঠু এবং সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয় তেমন একটি সংসদের পক্ষেই সত্যিকারের দেশপ্রেম ও জনকল্যাণমুখী বাজেট অনুমোদন করা সম্ভব। বর্তমান সংসদের সে রকম চরিত্র নেই। আমরা আশা করবো দেশে সত্যিকার জন প্রতিনিধিত্বমূলক সংসদ গঠিত হবে। এজন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন হওয়া প্রয়োজন। তিনি বলেন, অর্থমন্ত্রীর রাজস্ব সংগ্রহ লক্ষ্যমাত্রার ক্ষেত্রে উচ্চবিলাষী। রাজস্ব আদায়ে ঘাটতি হবে। প্রস্তাবিত বাজেটে যেভাবেই কর আরোপের চিত্র দেখানো হোক না কেন বাস্তবে মানুষকে অতিরিক্ত করের বোঝা বহন করতে হবে। এর বিনিময়ে জনগণ কি পাবে সেটা স্পষ্ট করা হয়নি। তিনি আরো বলেন, উচ্চ আয়ের ব্যক্তিদের শনাক্ত করা গেলে বিশাল অংকের আয়কর আহরণ সম্ভব হবে। এর ফলে সরকারের রাজস্ব আয় যেমন বৃদ্ধি পাবে তেমনি সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যটিও সহজসাধ্য হবে। দুর্ভাগ্যের বিষয় এই লক্ষে সৃজনশীল উদ্যোগ নেয়া হচ্ছে না। বাজেট প্রতিক্রিয়ায় সময় বিএনপির স্থায়ী কমিটির সদস ড. খন্দকার মোশাররফ হোসেন,  নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY