সৌদি আরবের প্রতিবাদী সাংবাদিক জামাল খাসোগিকে নিয়ে যেন চলছে লুকোচুরি খেলা। খেলোয়াড় মূলত সৌদি আরব। আরেকদিকে রয়েছে তুরস্ক। কারণ তাদের দেশেই ঘটেছে ঘটনা। এই খেলায় বিশ্ব যুক্তরাষ্ট্রকে দেখতে চাইছে রেফারির ভূমিকায়।
জামাল খাসোগি আসলে কোথায়, বেঁচে আছেন, না মরে গেছেন—সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তুরস্ক বলছে, সৌদি কনস্যুলেটেই হত্যা করা হয়েছে খাসোগিকে। ভিডিও, অডিওসহ তথ্যপ্রমাণও হাজির করেছে তারা। তবে সৌদি আরব সেসব উড়িয়ে দিয়েছে। সৌদি আরব বলছে, খাসোগি কনস্যুলেটে ঢোকার পরই বের হয়ে গেছেন। তাহলে কোথায় উধাও হলেন তিনি?
বিশ্ব চায়, অনুগত ও মিত্র হিসেবে পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে চাপে ফেলুক যুক্তরাষ্ট্র। সৌদি আরবের মসনদে সালমান বিন আবদুল আজিজ আল সৌদ থাকলেও দেশটির ক্ষমতার চাবিকাঠি যুবরাজের হাতেই।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে রেফারির ভূমিকায় সাংবাদিক জামাল খাসোগিকে নিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের লুকোচুরি খেলা শেষ করতে পারেন। এখন পর্যন্ত ট্রাম্প সে রকম কোনো জোরালো পদক্ষেপ নেননি।






