৭ দফা দাবি ও ১১টি লক্ষ্যের খসড়া প্রায় চূড়ান্ত করেছে ‘বৃহত্তর জাতীয় ঐক্য’। দাবি সাতটি থাকলেও তাঁদের প্রথম দাবিটিই আসলে মূল দাবি। আর তা হলো—সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকার গঠন ও খালেদা জিয়ার মুক্তি। এ দাবির সঙ্গে বাকি ছয়টি দাবি নিয়ে তাঁরা এগোতে চান।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৈঠকে বসেন বিএনপি, বিকল্পধারা, জেএসডি ও নাগরিক ঐক্যের নেতারা। এর মধ্যে রাজনৈতিক জোট যুক্তফ্রন্টের তিন দল বিকল্পধারা, জেএসডি ও নাগরিক ঐক্য। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের বৈঠক চলে।
বৈঠকসূত্রে জানা গেছে, খসড়া নিয়ে আলোচনা ছাড়াও বৈঠকে এই বৃহত্তর ঐক্যের একটি সম্ভাব্য নাম নিয়ে আলোচনা হয়। সেখানে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নামটি আলোচনায় আসে। এ ছাড়া বিভাগীয় শহরে সমাবেশ করার মধ্য দিয়ে কর্মসূচি শুরুর বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে।
বৈঠক শেষে নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, বৈঠকে অভিন্ন দাবি ও লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একটি খসড়াও ঠিক করা হয়েছে। আজ শনিবার তা চূড়ান্ত হবে এবং শনিবারই তা প্রকাশ করা হতে পারে। তবে বৈঠকের ব্যাপারে এর বেশি কিছু জানাতে চাননি তিনি।






