সবজির টুকরা দিয়েও তৈরি করা যায় ডিটক্স ওয়াটার

শরীরের পানির চাহিদা পূরণ করতে নানা ধরনের পানীয় গ্রহণ করা হয়ে থাকে। এসব পানীয়তে পানি ছাড়াও থাকে নানা পুষ্টি উপাদান। ‘ডিটক্স ওয়াটার’-ও এমনই এক পানীয়। ‘ডিটক্স ওয়াটার’ থেকে ভিটামিন বি ও সি পাওয়া যায় প্রচুর। শরীর সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এসব ভিটামিন গ্রহণ করা প্রয়োজন রোজ।

এ দুই ধরনের ভিটামিনের বৈশিষ্ট্য হলো, এগুলো খুব সহজেই পানিতে মিশে যায়। রান্নার সময় পানিতে দ্রবীভূত এসব ভিটামিন কমে যায়, উত্তাপেও নষ্ট হয়ে যায় ভিটামিন সি। এসব উপাদান পেতে ডিটক্স ওয়াটার গ্রহণ তাই শরীরের জন্য উপকারী।নানা রকম টক ফল দিয়ে হতে পারে ডিটক্স ওয়াটার। কমলা, মাল্টা, আনারস—যা মন চায়। যেসব সবজি কাঁচা খাওয়া যায়, সেগুলোও এই পানীয়তে ব্যবহার করা যায়। এই যেমন শসা, গাজর বা টমেটো। ধনেপাতা, পুদিনাপাতা বা লেটুসপাতার মতো বাহারি পাতাও যোগ করা যায়।স্বাদ ও পুষ্টির জন্য নানাভাবেই হতে পারে ফল, সবজি আর পাতার সমন্বয়। তরমুজের সঙ্গে ধনেপাতা ভিজিয়ে রাখতে পারেন। বাঙ্গিও ব্যবহার করতে পারেন। শসার সঙ্গে দিতে পারেন পুদিনাপাতা। আবার কয়েক রকম ফল কিংবা কয়েক রকম সবজির টুকরা দিয়েও তৈরি করা যায় ডিটক্স ওয়াটার। ফল আর সবজি মেশালেও ক্ষতি নেই। পুরোটাই আপনার পছন্দের ওপর নির্ভর করছে। এতে কোনো লবণ, চিনি বা মসলা দিতে নেই।