চীন সরকার মহাকাশে সন্দেহজনক বস্তু মোতায়েন

চীনা ভাষায় শেনলং শব্দের অর্থ স্বর্গীয় ড্রাগন। গত বছর শেনলং স্পেস বিমানের মাধ্যমে ছয়টি ছোট বস্তু মহাকাশে মোতায়েন করা হয়। এসব সন্দেহজনক বস্তু সম্পর্কে চীন সরকার বা দেশটির বিজ্ঞানীরা কোনো তথ্য কখনোই প্রকাশ করেননি। এমনকি পুরো বিষয়টি গোপন রেখেছে তারা। শুধু তা–ই নয়, দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমেও এ বিষয়ে তেমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর একটি মহাকাশ বিমান পৃথিবীর কক্ষপথে অবস্থান করছে। গত বছরের ২৮ ডিসেম্বর স্পেসএক্স ফ্যালকন হেভি রকেটের মাধ্যমে বিমানটি উৎক্ষেপণ করা হয়। মার্কিন স্পেস ফোর্সের প্রধান চান্স সল্টজম্যান বলেন, ‘চীনের বিমানের ওপর আমরা নজর রাখছি।’

২০০৭ সালে প্রথম শেনলং স্পেস বিমানের ছবি প্রকাশ করে চীন। এই বিমান নিয়ে প্রথম থেকেই চীনা মহাকাশ সংস্থা তেমন কোনো তথ্য প্রকাশ করছে না। ২০০০ সাল থেকে মহাকাশে রোবোটিক খেয়াযান হিসেবে এ ধরনের বিমান প্রেরণ করছে যুক্তরাষ্ট্র ও চীন। এসব বিমানকে মূলত অরবিটাল টেস্ট ভেহিক্যাল বলা হয়ে থাকে।