কোপা আমেরিকার ১০৮ বছরের ইতিহাসে আগে গোল হজম করার পর কখনোই ম্যাচ জিততে পারেনি ভেনেজুয়েলা। অন্যদিকে ২০০৭ সালের পর আগে গোল করে কখনো হারেনি ইকুয়েডর। এমন পরিস্থিতিতে ১০ জনের ইকুয়েডরের বিপক্ষে পিছিয়ে পড়ার পর ভেনেজুয়েলা সমর্থকেরা হয়তো আশাই ছেড়ে দিয়েছিলেন।
কিন্তু ইতিহাস গড়ার প্রত্যয় নিয়ে মাঠে নামা ভেনেজুয়েলার খেলোয়াড়েরা হাল ছাড়েননি। প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। দুই বদলি খেলোয়াড় জনডার কাদিজ ও এদুয়ার্দ বেল্লোর গোলে শেষ পর্যন্ত ২–১ গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। যার মধ্য দিয়ে কোপা আমেরিকার ইতিহাসে এই প্রথম পিছিয়ে পড়ার পর জয়ের দেখাও পেল ভেনেজুয়েলা।






