আট বছর আগে মুক্তির পর তুমুল চর্চিত হয়েছিল অমিতাভ রেজা চৌধুরীর সিনেমা ‘আয়নাবাজি’। গল্প, অভিনয়, নির্মাণ মিলিয়ে সিনেমাটি চমকে দিয়েছিল দেশি দর্শকদের। স্বাভাবিকভাবেই আলোচনায় ছিলেন সিনেমার অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তবে আশ্চর্য এই, এত প্রশংসিত হওয়ার পরও ‘আয়নাবাজি’র পর নাবিলাকে সেভাবে আর পাওয়া যায়নি। সেই নাবিলা অবশেষে ফিরলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘তুফান’ যাঁরা দেখেছেন, তাঁরা একবাক্যে বলবেন—এই না হলো ফেরার মতো ফেরা!
‘তুফান’-এ কস্টিউম ডিজাইনার ‘জুলি’ চরিত্রে অভিনয় করেছেন নাবিলা। শাকিব খানের সঙ্গে তাঁর খুনসুটি, ঝগড়া, অভিমান-অনুযোগ, প্রেমের দৃশ্যগুলো উপভোগ করেছেন দর্শকেরা। সিনেমায় স্বল্প উপস্থিতি হলেও পর্দায় নিজের ছাপ রাখতে পেরেছেন নাবিলা। ‘তুফান’-এর অন্যতম চমক ছিল শাকিব খান-নাবিলা জুটি। বাংলা সিনেমা আর টিভি নাটক অনুসরণ করা দর্শকেরা ভালোই জানেন শাকিব আর নাবিলা ‘দুই ভুবনের দুই বাসিন্দা’। একজন পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমার সবচেয়ে বড় তারকা, আরেকজন কাজ করেন ভিন্ন ঘরানার কনটেন্টের।






