চিকিৎসকদের উচ্চতর শিক্ষা, গবেষণার পাশাপাশি রোগীদের উন্নত মানের চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যেই প্রতিষ্ঠা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। অল্প সময়ে প্রতিষ্ঠানটি মানুষের আস্থাও অর্জন করেছে। তাঁরা ভাবেন, এই হাসপাতালে গেলে ভালো চিকিৎসাসেবা পাওয়া যাবে।
কিন্তু এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে মাঝেমধ্যে এমন খবর আসে, যাতে আস্থা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। বঙ্গবন্ধু মেডিকেলের অর্ধেক আইসিইউ নষ্ট। সেখানে আইসিইউর শয্যা ১০১টি; এর মধ্যে নবজাতকের আইসিইউ ২০ ও শিশুদের আইসিইউ ২০টি। এগুলোর মধ্যে ৪২টিই নষ্ট। ২০টি আইসিইউ আনার পর চালুই করা হয়নি। সে ক্ষেত্রে ৬২টি আইসিইউ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এ ছাড়া সেখানে এইচডিইউর শয্যা আছে ১৪টি, যার ৪টি কাজে লাগানো যাচ্ছে না প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে।দেশে আইসিইউর সংকট যে কত ভয়াবহ, তা করোনাকালে দেশবাসী হাড়ে হাড়ে টের পেয়েছেন। অস্বীকার করার উপায় নেই যে চাহিদার তুলনায় সরকারি–বেসরকারি সব হাসপাতালেই আইসিইউর সংখ্যা কম। কিন্তু দেশের সেরা স্বায়ত্তশাসিত হাসপাতালে আইসিইউ নষ্ট বা অব্যবহৃত অবস্থায় থাকবে, এটা কোনোভাবেই মানা যায় না। সব রোগীর জন্য আইসিইউর প্রয়োজন হয় না। জটিল, সংকটাপন্ন ও মুমূর্ষু রোগীকেই নিবিড় পরিচর্যা কেন্দ্র বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হয়।
স্বায়ত্তশাসিত হাসপাতাল হিসেবে বিএসএমএমইউর আইসিইউতে খরচ তুলনামূলক কম। এখানে সাধারণ আইসিইউর দৈনিক ভাড়া ২ হাজার ১০০ টাকা। লাইফ সাপোর্ট যন্ত্র ও মনিটরের ব্যবহার হলে আরও ৯৬০ টাকা দরকার হয়। অর্থাৎ দৈনিক খরচ ৩ হাজার ১০ টাকার বেশি নয়। আর নবজাতকের জন্য দৈনিক খরচ দেড় হাজার টাকা। অন্যদিকে ঢাকার যেকোনো মাঝারি মানের বেসরকারি হাসপাতালের আইসিইউতে খরচ দৈনিক ১৫ হাজার টাকা। আর নামকরা বেসরকারি হাসপাতালে রোগীকে দিনে ৫০ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয়।






