অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাসের জন্ম দিলেন নাদাল

মনে হচ্ছিল, দৃশ্যটা জ্যাক স্নাইডারের সম্পাদিত কোনো চলচ্চিত্রের দৃশ্য। একদম চরম মুহূর্তে সবকিছু যেন হঠাৎ থমকে গেল। সবকিছু চলছিল আলট্রা স্লো মোশনে। দানিল মেদভেদেভের রিটার্ন এগিয়ে এসে মাত্রই ব্যাকহ্যান্ড করেছেন রাফায়েল নাদাল। পড়িমরি করে ছুটছিলেন রাশিয়ান, ওদিকে তাকিয়ে আছেন নাদাল। মেদভেদেভ রিটার্ন করতে পারেন, সেটার জন্য নিজেকে প্রস্তুত করার কোনো আগ্রহ নেই তাঁর মধ্যে। মেদভেদেভ ঠিকই বলের নাগাল পেলেন। কিন্তু ব্যাটের সে ছোঁয়ায় কিছু যায়–আসে না। তখনই বোঝা গেল, বল নেট পার হচ্ছে না।

সবার আগে সেটা বুঝতে পেরেছেন নাদাল। বল নেটের দিকে যাচ্ছে, ওদিকে নাদালের মুষ্ঠি খুলে যাচ্ছে। বল একটু এগোচ্ছে, নাদালের হাত ও ব্যাটের হাতলের মধ্যে তত দূরত্ব সৃষ্টি করছে। একসময় সম্পর্ক ছিন্ন হলো হাত ও হাতলের। মাধ্যাকর্ষণের জয় হলো। ব্যাট হাতের বন্ধন থেকে মুক্তি পেয়ে ধীরে ধীরে কোর্টে নামল, বল তখনো ছুটছে। ছুটতে ছুটতে নেটের পাশ দিয়ে বলে যাচ্ছে টেনিস বল, কিন্তু সেদিকে তাকানোর ঠেকা কার!

স্লো মোশন দৃশ্যের মতো করেই সবার দৃষ্টি শুধু একজনে, রাফায়েল নাদালে। ইতিহাসের জন্ম নেওয়া সে মুহূর্ত থেকে নিজেকে বঞ্চিত করতে চান কে! যার নামের কোর্টে খেলছেন নাদাল, স্বয়ং রড লেভার নিজে মোবাইল বের করে স্মৃতিতে ধরে রাখছিলেন সে মুহূর্ত।

রড লেভার অ্যারেনায় আজ দানিল মেদভেদেভকে ২-৬, ৬-৭ (৫/৭), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাসের জন্ম দিলেন নাদাল। প্রথম কোনো পুরুষ খেলোয়াড় হিসেবে এককে ২১টি গ্র্যান্ড স্লাম জিতলেন ‘এল ম্যাটাডোর!’ রজার ফেদেরার ও নোভাক জোকোভিচের সঙ্গে এত দিন সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লামের রেকর্ড ভাগাভাগি করছিলেন, রেকর্ডটা আপাতত শুধুই নাদালের।