চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলে অসন্তোষ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলে অসন্তোষ প্রকাশ করে গতকাল আপিল করেছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। আজ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদ। সে সময় তারা ভোট বাতিল চেয়ে পুনরায় সাধারণ সম্পাদক পদে ভোট চান এবং তদন্ত দাবি করেন। ইলিয়াস কাঞ্চন–নিপুণ পরিষদ অভিযোগ করে, ভোট শুরুর আগে থেকেই জায়েদ খান, প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন, এফডিসির এমডির ভূমিকা ছিল রহস্যজনক। এই সময় নির্বাচন কেন্দ্র করে আরও নানা অভিযোগ তুলে ধরেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদের সদস্যরা।নিপুণ বলেন, ‘আমি আপনার কাছে অভিযোগ করেছিলাম টাকা লেনদেন হচ্ছে আপনি আমার কথা শুনেননি। ভিডিও ভাইরাল তিনি বলেন, এমন কিছু নাকি শোনেনি। নির্বাচনের সময় আপনি আমাদের একটি ব্যারিকেডের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিলেন। সেখানে শুধু আমরাই ছিলাম। একবারের জন্যও জায়েদ খান আসেননি। সকল নিয়ম কি কাঞ্চন নিপুণ পরিষদের জন্যই ছিল। আমাদের সংগঠনের নিয়ম টাকা আদান প্রদান করলে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? পীরজাদা হারুন, এফডিসির এমডি, জায়েদ খান একটা গ্যাং। এই চক্র আমাদের বিরুদ্ধে কাজ করেছেন। এগুলো তদন্ত চাই। তাদের কারণে আমার জীবনের নিরাপত্তা চেয়ে বনানী থানায় জিডি করতে হয়েছে।’