রাজ্য সরকারগুলোকে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে মহামারি ঘোষণা করতে বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়

করোনার পাশাপাশি মিউকরমাইকোসিস বা ‘ব্ল্যাক ফাঙ্গাসের’ বিরুদ্ধে লড়তে হচ্ছে ভারতকে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বাড়ছে। এ সংক্রমণের জেরে বাড়ছে মৃত্যুও। এ পরিস্থিতিতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে মহামারি ঘোষণা করতে রাজ্য সরকারগুলোকে চিঠি দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে রাজ্য সরকারগুলোকে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে মহামারি ঘোষণা করতে বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সংক্রমণের ঘটনাগুলোকে ‘এপিডেমিক ডিজিজেস অ্যাক্ট’-এর আওতায় বিবেচনা করতে হবে। এর ফলে সংক্রমণের প্রতিটি ঘটনা নথিভুক্ত করে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাতে হবে রাজ্য সরকারকে।