চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। সোমবার থেকে আবেদন শুরু হওয়ার কথা ছিল। কবে আবেদন করা যাবে, তা পরে জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সরকার কাল সোমবার থেকে দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন দিয়েছে। এ কারণে আবেদন প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার ডিনস কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রুত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ জানানো হবে।