স্মার্টফোন ব্যবসা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এলজি। আগামী জুলাইয়ের মধ্যে বিভাগটি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির। এর পরিবর্তে বর্ধিষ্ণু খাতগুলো, যেমন বৈদ্যুতিক গাড়ির যন্ত্রাংশ, ইন্টারনেটে যুক্ত যন্ত্র, রোবটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্ল্যাটফর্ম ও সেবা খাতে মনোযোগী হওয়ার কথা জানিয়েছে এক বিবৃতিতে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে বিদ্যমান এলজির স্মার্টফোনগুলো যথারীতি বিক্রির জন্য থাকবে। ফোনগুলোর জন্য অঞ্চলভেদে ‘নির্দিষ্ট সময় পর্যন্ত’ বিক্রয়োত্তর সেবাও দিয়ে যাবে এলজি। তবে প্রতিষ্ঠানের স্মার্টফোন বিভাগের কর্মীরা থাকবেন নাকি ছাঁটাই করা হবে, তা পরিষ্কার করেনি। অবশ্য সে সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে নেওয়া হবে বলে জানিয়েছে।
কয়েক মাস ধরে অবশ্য এমন একটি গুঞ্জন চলছিল। কারণ গত পাঁচ বছরে এলজির স্মার্টফোন বিভাগ লাভের মুখ দেখেনি। অথচ একসময় আরেক দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাংয়ের সঙ্গে টক্কর দিয়ে চলত এলজি। তবে ইদানীং প্রতিযোগীদের সঙ্গে আর পেরে উঠছে না। এর আগে এলজি একবার বলেছিল, ২০২১ সাল নাগাদ প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিভাগ লাভের মুখ দেখবে বলে তাদের আশা। সে আশায় গুড়ে বালি।






