২০১৫ সালে এক বক্তৃতায় বিল গেটস মানবসভ্যতার জন্য দুটি ভয়াবহ বিপদের ভবিষ্যদ্বাণী করেছিলেন। এক জলবায়ু পরিবর্তন, দুই জীবাণুবাহী মারণাস্ত্র। ছয় বছরের মধ্যেই দুই বিপদের সঙ্গেই মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে। দ্বিতীয় বিপদের ভয়াবহতার মাত্রা আমরা হাড়ে-রক্তে-ফুসফুসে টেরও পাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো, রোগজীবাণুকে অস্ত্র কিংবা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার কি একদমই নতুন কোনো ধারণা?
রোগ অনেক রকম। তবে সহজে ছড়ায়, মানে সংক্রামক রোগই সাধারণত রাজনীতি বা যুদ্ধবিগ্রহে বড় ধরনের ভূমিকা রাখে। যেমন ইউরোপে বাস করা কারও জন্য সর্দি-কাশি ডাল-ভাত হতে পারে, কিন্তু ম্যালেরিয়া মানেই সাক্ষাৎ যম। আফ্রিকার গ্রামে বাস করা মানুষের জন্যও সর্দি-কাশি হতে পারে প্রাণঘাতী।
চার্লস ডারউইন তাঁর দ্য ভয়েজ অব দ্য বিগল বইয়ে লিখেছেন, ইউরোপীয়রা যেদিক দিয়ে গেছে, সেখানেই আদিবাসীদের মৃত্যু ছুঁয়ে গেছে। এককভাবে সাদা বর্ণের মানুষদের উনি বিধ্বংসী হিসেবে আখ্যায়িত করেছেন। কলম্বাসেরও বহু আগে জীবাণুকে মারণাস্ত্র হিসেবে ব্যবহারের চল শুরু হয়েছিল। ১৩৪৮ সালে কাফার যুদ্ধে তাতাররা রোগ ছড়াতে প্লেগে মৃত মানুষের লাশ পাথর ছোড়ার যন্ত্র দিয়ে প্রতিপক্ষের ওপর নিক্ষেপ করত। ইতিহাস সাক্ষ্য দেয়, ১৭৬৩ সালের ফ্রেঞ্চ-ইন্ডিয়ান যুদ্ধে ফরাসিরা আমেরিকার ক্ষুদ্র জাতিসত্তার অধিবাসীদের গুটিবসন্তের জীবাণু মাখানো কম্বল ও রুমাল দিয়েছিল। গুটিবসন্তের জীবাণু অনেক দিন কাপড়ে বেঁচে থাকে। যুদ্ধে জীবাণুর ব্যবহার ১৮৬৮ সালের সেন্ট পিটার্সবার্গ এবং ১৯০৭ সালের হেগ কনফারেন্সে নিষিদ্ধ করা হয়।






