করোনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের কর্মসংস্থান ধরে রাখতে ২৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বর্তমান বাজারদরে টাকার পরিমাণ ২ হাজার ১২৫ কোটি টাকা। এই টাকা দিয়ে বিদ্যমান কর্মসংস্থান ধরে রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরি করে করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার করা হবে। বিশ্বব্যাংকের থার্ড প্র্যাগমেটিক জবস ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিটের তৃতীয় কিস্তি হিসেবে অর্থ দেওয়া হচ্ছে।
আজ শনিবার (ওয়াশিংটন সময় ২৬ মার্চ) বিশ্বব্যাংকের বোর্ড সভায় ঋণের এই কিস্তি অনুমোদন করা হয়। আজ পাঠানো বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংকটের কারণে শ্রমজীবীদের অনেকেই বেকার হয়ে পড়েছেন কিংবা তাঁদের আয় কমে গেছে। বিশ্বব্যাংক তাঁদের এই সংকট কাটাতে সহায়তা করবে। বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতের ছোট ছোট উদ্যোক্তাদের সহায়তা করবে, যাতে ওই সব প্রতিষ্ঠান তাদের কর্মীদের মজুরি দিতে পারে। এভাবে বিশ্বব্যাংকের টাকায় ৫০ লাখ শ্রমজীবীর চাকরির অনিশ্চয়তা কাটবে।
বিশ্বব্যাংকের টাকায় দেশের ব্যবসায় শুরু করতে খরচ কমানোর কাজে লাগানো হবে। এ ছাড়া শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিক তৈরি করতে নানা সংস্কারমূলক কাজেও ব্যবহার করা হবে বিশ্বব্যাংকের অর্থ।






