করোনাভাইরাসের (কোভিড–১৯) সংক্রমণ ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশে কাল রোববার থেকে টিকাদান শুরু হবে। এই টিকা ইউরোপে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনবে বলে আশাবাদী অনেকে। এদিকে বিতরণের আগে জার্মানি তার টিকার চালানগুলো পুলিশি পাহারায় গোপন গুদামে রাখছে।
ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লাইন শনিবার বলেছেন, ‘করোনাভাইরাস ঠেকিয়ে এই টিকা আমাদের স্বাভাবিক জীবনে ধীরে ধীরে ফিরে আসতে সহায়তা করবে। রোববার থেকে ইইউ জোটভুক্ত ২৭ দেশে টিকাদান শুরু হবে।’ আর জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়ান স্পান বলেছেন, ‘এই টিকা করোনা মহামারিকে পরাস্ত করার মূল চাবিকাঠি।’
এ বিষয়ে জার্মানির ‘ডের স্পিগেল’ পত্রিকা জানিয়েছে, জার্মানিতে উদ্ভাবিত ফাইজার/বায়োএনটেকের তৈরি টিকার প্রথম চালানটি ব্যাভারিয়া এবং থুরিংগেন রাজ্যে পৌঁছেছে। জার্মানির বিভিন্ন রাজ্যে গতকাল থেকে পুলিশি পাহারায় ভ্যাকসিনের চালানগুলো বিশেষ গোপন গুদামে নিয়ে যাওয়া শুরু করেছে। ভ্যাকসিনের প্রথম চালানটি ব্যাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াখিম হারম্যান এবং স্বাস্থ্যমন্ত্রী মেলানিয়া হুমেল গ্রহণ করেন। প্রথম চালানে ৯ হাজার ৭৫০ ডোজ টিকা আপাতত এরলেংগেন ও পরবর্তী চালানটি মিউনিখ শহরে রাখা হবে। পরে তা ৯৯টি টিকাদানকেন্দ্রে বিতরণ করা হবে।






