বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি হয়ে উঠবে চীন

২০২৮ সালের মধ্যেই যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি হয়ে উঠবে চীন। অর্থাৎ আগে যা ধারণা করা হচ্ছিল, চীনের উত্থানটা হচ্ছে তার চেয়েও অনেক দ্রুত। এর আগে মনে করা হচ্ছিল, ২০৩৩ সালে এই শীর্ষ অবস্থান আসবে চীনের।

যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিবিআর) বলছে, কোভিড-১৯ মোকাবিলায় চীনের ‘দক্ষ’ পরিচালন আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের তুলনায় দেশটির তুলনামূলক প্রবৃদ্ধি বাড়িয়ে দেবে। এ ছাড়া ভারতও এগোবে তরতর করে। ২০৩০ সালের মধ্যে ভারত হয়ে উঠবে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবছরের ২৬ ডিসেম্বর বিশ্ব অর্থনৈতিক বিশ্লেষণ প্রকাশ করে সিবিআর। যদিও কোভিড-১৯–এ বিশ্বের প্রথম আক্রান্ত দেশ চীন। তবে তারা দ্রুত এবং অত্যন্ত কঠোর পদক্ষেপের মাধ্যমে এই সংক্রমণ নিয়ন্ত্রণ করে। অন্যদিকে ইউরোপের দেশগুলো তা পারেনি। চীনের ইউরোপের দেশগুলোর মতো দ্বিতীয়বারের মতো লকডাউনে যেতে হয়নি। লকডাউন পদক্ষেপ একটি দেশকে অর্থনৈতিকভাবে পক্ষাঘাতগ্রস্ত করে দেয়।
চীনের এই সাফল্যের কারণে অন্য বড় অর্থনীতির চেয়ে এটি ২০২০ সালে অর্থনৈতিক মন্দা এড়াতে পেরেছে। এ বছর ২ শতাংশ প্রবৃদ্ধির মুখ দেখবে বলেও আশা করা হচ্ছে। অপর দিকে মার্কিন অর্থনীতি মহামারির কারণে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। নিশ্চিত আক্রান্তের সংখ্যাও প্রায় ২ কোটি।