অর্থ পাচার মামলায় সাংসদ পাপুল

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের পৃথক দুই মামলায় সাংসদ কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলসহ ছয়জনের ৬৭০টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) পৃথক দুটি আবেদনের শুনানি নিয়ে আজ রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন।

এর মধ্যে সাংসদ পাপুল ও তাঁর স্ত্রী সাংসদ সেলিনা ইসলামের ব্যাংক হিসাবই রয়েছে ৬১৭টি।

একই সঙ্গে সাংসদ পাপুলের দুটি ফ্ল্যাটসহ ৯২টি তফসিলভুক্ত সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল।

দুদকের পিপি মাহমুদ হোসেন বলেন, মামলার তদন্তের স্বার্থে আসামি সাংসদ পাপুল এবং তাঁর স্ত্রী সেলিনা ইসলামের ৬১৭টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক (ডিডি) মো. সালাউদ্দিন। একই সঙ্গে গুলশানে পাপুলর দুটি ফ্ল্যাটসহ ৯২টি সম্পদ জব্দের আদেশ চেয়ে আদালতে আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত ব্যাংক হিসাব ও সম্পদ জব্দের আদেশ দেন। অন্যদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি তাপস কুমার পাল  বলেন, পল্টন থানার অর্থ পাচার মামলায় সাংসদ পাপুলসহ ছয়জনের ৫৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ চেয়ে আদালতে আবেদন করেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।