অনিশ্চিত টোকিও অলিম্পিক

করোনাভাইরাসের আরেকটি ঢেউয়ের শঙ্কা জেগেছে জাপানে। গত কয়েক দিনে সংক্রমণের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়া দুশ্চিন্তায় ফেলছে জাপানের নীতিনির্ধারকদের। টিকার সন্ধান এখন পর্যন্ত মেলেনি, ফলে রোগ নিয়ন্ত্রণের জন্য নেওয়া এত দিনকার সব পদক্ষেপ ও তাতে অর্জিত সব সাফল্য ভেসে যেতে পারে। অন্যদিকে দেশটির ব্যবসা খাত শঙ্কিত দেউলিয়া হওয়া এড়ানোর সামর্থ্য নিয়ে। তবে সবচেয়ে বেশি চিন্তিত মনে হচ্ছে ২০২০ টোকিও অলিম্পিক আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সব কটি প্রতিষ্ঠানকে।

২০২০ অলিম্পিক এমনিতেই পিছিয়ে গেছে। ২০২১ সালের জুলাই-আগস্ট মাসে নতুন সময়সূচি নির্ধারিত হয়েছে। তবু অলিম্পিকের ভাগ্য এখনো অনেকটা সুতার ওপর ঝুলছে। আরেকবার পেছালে এবারের অলিম্পিককে সার্বিকভাবেই হয়তো বিদায় জানাতে হবে এবং ইতিহাসের পাতায় ২০২০ টোকিও অলিম্পিক লেখা হয়ে থাকবে ‘হয়েও হলো না’ এমন এক আয়োজন হিসেবে। বাতিল হয়ে গেলে আয়োজনের পেছনে গত সাত বছরে হাজার কোটি ডলারের যে খরচ হয়েছে, তার সবটাই তামাদি খরচের খাতায় লেখা হবে। সার্বিক অলিম্পিক কার্যক্রমের ওপর কতটা সুদূরপ্রসারী প্রভাব এটা ফেলবে, তা এখনো পরিষ্কার নয়। তবে সব পক্ষ সেই সম্ভাবনা এড়িয়ে যাওয়ার যে প্রাণান্তকর চেষ্টা করছে, সেটা স্পষ্ট হয়ে উঠেছিল গত সপ্তাহে আইওসি প্রেসিডেন্ট টমাস বাখের টোকিও সফরের সময়।