নতুন দাম অনুযায়ী, এখন থেকে মিলগেটে খোলা সয়াবিন তেল ৯০ ও পাম তেল ৮০ টাকা দরে বিক্রি হবে। তবে এ দরটি কেজি না লিটারের, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বলছে, দরটি হবে কেজিতে। ব্যবসায়ীদের দাবি, তাঁরা লিটারের বিষয়ে সম্মত হয়েছেন।
তরল পদার্থের মাপের একক লিটার হলেও দেশের খোলা বাজারে অনেক ক্ষেত্রে ভোজ্যতেল কেজি দরে কেনাবেচা হয়। বর্তমান দাম অনুযায়ী কেজি ও লিটারের ক্ষেত্রে প্রায় ৮ টাকার একটি পার্থক্য রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ে সভা শেষে তিনটি কোম্পানির প্রতিনিধি প্রথম আলোকে বলেন, তাঁরা লিটারে ৯০ টাকার বিষয়ে আলোচনা করে এসেছেন। ট্যারিফ কমিশনের সদস্য শাহ মো. আবু রায়হান আলবেরুণী প্রথম আলোকে বলেন, দাম হবে কেজিতে।






