দেশের বড় বড় শহরে বিক্ষোভ অব্যাহত থাকায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি সবাইকে পরিস্থিতি বুঝতে এবং শান্ত হতে আহ্বান জানিয়েছেন। দেশটির সবচেয়ে বড় শহর লাগোসে পুলিশি সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
অভিযোগ উঠেছে, নাইজেরিয়ায় বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। তবে দেশটির সামরিক বাহিনী এ ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলেছে, গুলিতে ১২ জনের মতো নিহত এবং আরও অনেকে হতাহত হয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সেখানে বেশ কয়েকজন মানুষের প্রাণহানির বিষয়ে তারা নির্ভরযোগ্য তথ্য পেয়েছে।






