সেন্ট মার্টিনে ৬ শতাধিক পর্যটক আটকা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের সমুদ্র উপকূল উত্তাল রয়েছে। এ কারণে টেকনাফ-সেন্ট মার্টিন পথে জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্ট মার্টিনে ছয় শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

আটকে পড়া পর্যটকেরা হোটেল ও কটেজে অবস্থান করছেন। সমুদ্র শান্ত হলে টেকনাফ থেকে ট্রলার নিয়ে গিয়ে তাঁদের ফিরিয়ে আনা হবে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য হাবিব খান বলেন, নিম্নচাপের প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। গত বুধবার রাতে একটি ট্রলার সেন্ট মার্টিন জেটিঘাটে নোঙর করা অবস্থায় ডুবে গেছে। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ট্রলারটির সন্ধান মেলেনি।