২০২৩ সালের পর জিএসপি–সুবিধা নবায়ন করতে হলে বাংলাদেশকে অবশ্যই মানবাধিকারের বিষয়টি নিশ্চিত করতে হবে

ইউরোপের দেশগুলোতে বাংলাদেশ যে বাণিজ্যসুবিধা পায় তা ধরে রাখার শর্ত হিসেবে মানবাধিকার যুক্ত হতে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেওয়া অগ্রাধিকারমূলক বাজারসুবিধা বা জিএসপির (জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স) কারণে সেখানকার বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশ সহজ হয়েছে। বিশেষ করে তৈরি পোশাকশিল্পের। বাংলাদেশকে ইইউর দেওয়া এ সুবিধা ২০২৩ সালে শেষ হতে যাচ্ছে।

ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর এক খবরের শিরোনাম হচ্ছে হিউম্যান রাইটস কামস এজ নিউ কন্ডিশন ফর ইইউ জিএসপি। খবর হচ্ছে ২০২৩ সালের পর জিএসপি–সুবিধা নবায়ন করতে হলে বাংলাদেশকে অবশ্যই মানবাধিকারের বিষয়টি নিশ্চিত করতে হবে। জিএসপি–সুবিধা দেওয়ার শর্ত হিসেবে এবারই প্রথম মানবাধিকারের বিষয়টি যুক্ত হয়েছে।

বিদেশি যেকোনো সাহায্য–সুবিধা এমনকি ঋণ পাওয়ার ক্ষেত্রেও নানা শর্ত থাকে। বাণিজ্যসুবিধা পাওয়ার বিষয়টিও এর ব্যতিক্রম নয়। বিশ্বরাজনীতির নানা হিসাব-নিকাশ ও ধারা এখানে কাজ করে। ফলে এসব শর্ত সময়ের সঙ্গে সঙ্গে বদলেও যায়। কিছু কিছু বাদ পড়ে আবার নতুন অনেক কিছু যুক্ত হয়। ইউরোপে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি করতে এখন যেসব বাধ্যবাধকতা মানতে হয়, শুরুতে তেমন কিছুই ছিল না। তৈরি পোশাকের কারখানাগুলোকে ইউরোপীয় ক্রেতাদের শর্ত হিসেবে সার্বিক মান (কমপ্লায়েন্স) নিশ্চিত করতে হচ্ছে।