অবশেষে জ্বলে উঠলেন বেক্সিমকো ঢাকার তরুণেরা

প্রথম ৪ ম্যাচে ১ জয়। পয়েন্ট তালিকার তলানিতে ছিল মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা। একঝাঁক তরুণকে নিয়ে গড়া দলটির জন্য বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শুরুটা একদমই ভালো হয়নি। দলটাকে ভালো করতে হলে তরুণদের ভালো করতে হতো। প্রথম চার ম্যাচে সেটা হয়নি। আজ হলো। মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ২৫ রানে হারিয়ে ঢাকা পেল মূল্যবান ২ পয়েন্ট। ঢাকার ১৭৫ রানের জবাবে রাজশাহী ৫ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় ১৫০ রানে।

এত দিন ব্যাটিংয়ে শুরুটা ভালো হচ্ছিল না ঢাকার। তরুণ বাঁহাতি ওপেনার তানজিদ হাসান ও মোহাম্মদ নাঈমের ওপর অনেক আশা ছিল দলটির। কিন্তু দুজনের কেউই ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। আজ আবার প্রতিপক্ষ দলে ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান। শুরুতে দুই বাঁহাতি ক্রিজে থাকলে মেহেদী অফ স্পিন দিয়ে চেপে ধরবেন নিশ্চিত। সেটি এড়াতেই ঢাকা নাঈমের সঙ্গে ওপেনিংয়ে পাঠালেন ডানহাতি অফ স্পিনার নাঈম হাসানকে! কিন্তু ডানহাতি পাঠিয়ে খুব লাভ হলো না। সেই মেহেদীর বলেই ১ রানে এলবিডব্লু নাঈম।