হারিরির পদত্যাগে সংকট কাটবে না

লেবাননজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার ১৩ দিন পর গত ২৯ অক্টোবর দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র জমা দেওয়ার সময় তিনি এটিকে দেশের জন্য খুব বেশি প্রয়োজনীয় ‘ইতিবাচক ধাক্কা’ বলে অভিহিত করেন। চলতি সপ্তাহের শুরুতে সাদ হারিরি আউনের সঙ্গে পরামর্শ করেন এবং সরাসরি হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগ করেন। এই গোষ্ঠী নতুন মন্ত্রিসভা গঠনের পক্ষে। এ ব্যাপারে কীভাবে এগিয়ে যেতে হবে, তা নিয়ে হারিরি তাদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। পদত্যাগের অর্থ এই নয় যে হারিরি পুরোপুরি শাসকগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বরং এতে তাঁর ফিউচার মুভমেন্ট, হিজবুল্লাহ ও ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্ট জোটের মধ্যে ২০১৬ সালে স্বাক্ষরিত রাজনৈতিক চুক্তির পরিধিতে পরিবর্তন আনার অভিপ্রায় প্রতিফলিত হয়েছে। ওই চুক্তিই মিশেল আউনের প্রেসিডেন্ট হওয়ার পথ প্রশস্ত করেছিল।

এ নিয়ে দ্বিতীয়বার হারিরি লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন। ২০১১ সালের জানুয়ারিতে হারিরির ওয়াশিংটন সফরকালে হিজবুল্লাহ ও ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্টের (এফপিএম) প্রতিনিধিত্বকারী মন্ত্রীরা পদত্যাগ করে তাঁর সরকারকে অচল করে দিয়েছিলেন এবং নাজিব মিকাতির নেতৃত্বে একটি নতুন সরকার গঠনের দিকে দেশকে ঠেলে দিয়েছিলেন। এবার অবশ্য চাপের উৎস ভিন্ন ছিল, যা হারিরিকে তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের অবসান ঘটানোর দিকে ঠেলে দিয়েছে। বিক্ষোভকারীরা দাবি করেছে, একটি নতুন সরকার গঠন করা হোক, সেটা চালাবে টেকনোক্র্যাটরা, যাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকবে না। কিছু রাজনৈতিক শক্তি বর্তমান পার্লামেন্টের মতো একটি নতুন মন্ত্রিসভা গঠনের কথা বলছে, যা গত বছর নির্বাচিত হয়েছে।

LEAVE A REPLY