সামাজিক যোগাযোগমাধ্যমে সের্হিও রামোস অবসরের ঘোষণা

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন সের্হিও রামোস। স্পেনের নতুন কোচ লুইস দি লা ফুয়েন্তে তাঁর ওপর আর ভরসা রাখছেন না, এমন কারণ দেখিয়ে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন পিএসজির ডিফেন্ডার।

স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ, ২০০৮ ও ২০১২ সালের ইউরো জেতা রামোস সর্বশেষ দেশের জার্সিতে খেলেছেন ২০২১ সালের মার্চে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রামোস জানিয়েছেন, কোচের সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।

রামোস লিখেছেন, ‘সময়টা এসে গেছে জাতীয় দলকে বিদায় বলার, আমাদের প্রিয় ও রোমাঞ্চকর রোহা (স্পেন জাতীয় দলের ডাকনাম) ছাড়ার সময় এসে গেছে।’