সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান নিবিড় কুমার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কানাডায় হাসপাতালে চিকিৎসাধীন। সন্তানের দুর্ঘটনার খবর শুনে স্ত্রী নাঈমা সুলতানাকে নিয়ে দ্রুত কানাডার উদ্দেশে উড়াল দেন তিনি। একই দুর্ঘটনায় নিহত হন নিবিড় কুমারের তিন বন্ধু শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত।
এদিকে সন্তানকে নিয়ে যখন কুমার বিশ্বজিতের পরিবার সংকটকাল পার করছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটে—নিবিড়ের গাড়ি চালানোর অনুমতি ছিল না। তাঁর কোনো লাইসেন্স ছিল না। কেউ কেউ অভিযোগের তির কুমার বিশ্বজিতের দিকেও তাক করেন। কোমায় থাকা নিবিড়কে নিয়ে এ ধরনের আলোচনা কুমার বিশ্বজিতের পরিবার পর্যন্ত পৌঁছেছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নিবিড়ের চাচা অভিজিৎ দে। তিনি জানিয়েছেন, নিবিড়ের গাড়ির চালানোর লাইসেন্স ছিল এবং সেটার মেয়াদও ছিল।






