আপার নাগর ঠাকুরগাঁও ও পঞ্চগড় দিয়ে প্রবাহিত

নাগর নামে দেশে দুটি নদ আছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রকাশিত গ্রন্থে একটিকে ‘আপার নাগর’, অপরটিকে ‘লোয়ার নাগর’ নামে অভিহিত করা হয়েছে। আপার নাগর ঠাকুরগাঁও ও পঞ্চগড় দিয়ে প্রবাহিত। এটি বাংলাদেশ-ভারত আন্তসীমান্তীয় নদ। লোয়ার নাগর নদটি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদী থেকে উৎপন্ন হয়ে নওগাঁ জেলার ওপর দিয়ে নাটোরের সিংড়া উপজেলায় গুড় নদে মিলিত হয়েছে। এ নদের উৎস ও মিলন উভয়স্থল আমি সরেজমিন ঘুরে দেখেছি। এটি গুরুত্বপূর্ণ নদ। এ নদের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর নওগাঁর কালীগ্রাম জমিদারি দেখার জন্য বজরা নিয়ে এ নদপথে পতিসরে যেতেন। পতিসর কাছারিবাড়ি নাগর নদের ঘাটসংলগ্ন।

রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার চার বছর আগে ১৯৩৭ সালে সর্বশেষ পতিসরে গিয়েছিলেন। সেবার জমিদারি দেখতে যাননি। গিয়েছিলেন তাঁর ছেলে রথীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে। কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের উদ্বোধন উপলক্ষে যে বাণী তিনি প্রদান করেছিলেন, তার অংশবিশেষ ওই প্রতিষ্ঠানের ফলকে উৎকীর্ণ হয়ে আছে। সেখানে লেখা, ‘রথীন্দ্রনাথের নামচিহ্নিত কালীগ্রামের এই বিদ্যালয়ের আমি উন্নতি কামনা করি। এখানে ছাত্র এবং শিক্ষকের সম্বন্ধ যেন হয় অকৃত্রিম স্নেহের এবং ধৈর্যের দ্বারা সত্য ও মধুর হয়। এই আমার উপদেশ। শিক্ষাদান উপলক্ষে ছাত্রদিগকে শাসন–পীড়নে অপমানিত করা অক্ষম ও কাপুরুষের কর্ম—এ কথা সর্বদা মনে রাখা উচিত।’

গত বছর আমি পতিসরে গিয়েছিলাম। সঙ্গে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক উদয় শঙ্কর বিশ্বাস এবং বাংলা বিভাগের শিক্ষক সৈকত আরেফিন। সেখানে দুদিন ধরে নাগর নদের অবস্থা দেখেছি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিন্নপত্রতে এ নদের অনেক বাঁকের কথা লিখেছেন। বাস্তবেও লক্ষ করলাম, অনেক সর্পিলাকৃতির নদের তুলনায় এর বাঁক যেন কিছুটা বেশি। এক বিকেলে ভ্যানযোগে নদের পাড় ধরে কালীগ্রাম বাজারে গিয়েছিলাম। বাজারটি নদের পাড়েই গড়ে উঠেছে।রবীন্দ্রনাথ ঠাকুর ১১১ বছর আগে যে বর্ণনা দিয়ে গেছেন, তার কিছু বাস্তবতা এখনো মেলে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিন্নপত্রতে লিখেছেন, ‘নদী পর্যন্ত একটি গড়ানে কাঁচা ঘাট, সেখানে কেউ কাপড় কাচছে, কেউ নাইছে, কেউ বাসন মাজছে; কোনো কোনো লজ্জাশীলা বধূ দুই আঙুলে ঘোমটা ঈষৎ ফাঁক করে ধরে কলসি কাঁখে জমিদার বাবুকে সকৌতুকে নিরীক্ষণ করছে। তার হাঁটুর কাছে আঁচল ধরে সদ্যঃস্নাত একটি তেলচিক্কণ বিবস্ত্র শিশুও একদৃষ্টে বর্তমান পত্রলেখক সম্বন্ধে কৌতূহল নিবৃত্তি করছে। তীরে কতগুলো নৌকা বাঁধা এবং একটি পরিত্যক্ত জেলেডিঙি অর্ধনিমগ্ন অবস্থায় পুনরুদ্ধারের প্রতীক্ষা করছে।’ রবীন্দ্রবর্ণনার মতো দেখলাম, নৌকা দিয়ে এ নদ পারাপার হচ্ছেন সাধারণ মানুষ। এতে অনেকেই স্নান করছেন, গরুকে স্নান করাচ্ছেন, কাপড় কাচছেন, বাসন মাজছেন।