১ ফেব্রুয়ারি সকালে মিয়ানমারের সদ্য নির্বাচিত সংসদের অধিবেশন রাজধানী নেপিডোতে শুরু হওয়ার কথা ছিল। সেই অধিবেশনের মাধ্যমে মিয়ানমারে বিপুল ভোটে বিজয়ী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পুনরায় ক্ষমতায় আসীন হতো। গত নভেম্বরে মিয়ানমারের নির্বাচনে দলটি সংসদের উন্মুক্ত আসনের প্রায় ৮৪ শতাংশ আসন পেয়েছিল। অন্যদিকে নির্বাচনে সামরিক বাহিনী-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) ভরাডুবি হয়। তার অর্থ, মিয়ানমার সামরিক বাহিনীর সংবিধান মোতাবেক সরকারের ব্যাপক ক্ষমতা থাকা সত্ত্বেও রাজনৈতিক অঙ্গনে ইউএসডিপির তেমন কোনো কার্যকর ভূমিকা রাখার অবস্থা ছিল না।
ইউএসডিপির ভরাডুবির পর থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভুয়া ভোটার তালিকার মাধ্যমে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ উত্থাপিত হয়। কয়েক হাজার অভিযোগ দাখিল হয় নির্বাচন কমিশনে। কিন্তু এর কোনো ব্যবস্থা নেয়নি বা নিতে পারেনি নির্বাচন কমিশন। সামরিক বাহিনীর তরফ থেকেও নির্বাচনের সততা নিয়ে অভিযোগ তোলা হয়। এ ছাড়া সামরিক বাহিনী নভেম্বরের নির্বাচন পেছানোর দাবি তুলেছিল এবং সেটা আমলে নেওয়া হয়নি। তবে মূলত নির্বাচনে কারচুপি প্রসঙ্গেই সু চির সরকারের সঙ্গে সেনাবাহিনীর তিক্ততা চরম পর্যায়ে পৌঁছায়।
তা ছাড়া মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সামরিক বাহিনীর সরাসরি আলোচনা, বিশেষ করে আরাকান রাজ্যে আরাকান আর্মির সঙ্গে প্রথমবারের মতো শান্তি আলোচনা নিয়ে বেসামরিক সরকারের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয়। উল্লেখ্য, মিয়ানমারের বর্তমান সংবিধানে সামরিক বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষায় সরাসরি পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া আছে।
বর্তমান সামরিক বাহিনী প্রধান মিন অং হ্লাইংয়ের আগামী জুলাই মাসে অবসরে যাওয়ার কথা ছিল এবং সু চি সরকার তাঁর মেয়াদ বৃদ্ধিতে আগ্রহী ছিল না। অবসরে যাওয়ার মানে তাঁর ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার কারণে তিনি একেবারে ক্ষমতাশূন্য ব্যক্তিতে পরিণত হতেন। অন্যদিকে যথেষ্ট রাজনৈতিক সমর্থন না থাকায় প্রেসিডেন্ট পদে নির্বাচনের সম্ভাবনাও কম ছিল। শুধু সেনাপ্রধানই নন, তাঁর সঙ্গে ডজনখানেক জেনারেলের অবসরে যাওয়ার কথা ছিল। এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠী এবং রোহিঙ্গা জনগোষ্ঠী নিধনের অভিযোগ রয়েছে। এসব বিষয়সহ নানা অভ্যন্তরীণ কারণে সু চির শক্তি বৃদ্ধিকে মিয়ানমার সামরিক বাহিনী সহজভাবে নিতে পারেনি। যদিও আন্তর্জাতিক অপরাধ আদালতে সু চি মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে আনা রোহিঙ্গা নিধনের অভিযোগ ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে খণ্ডন করার প্রয়াস নিয়েছিলেন।
যা–ই হোক, এরই প্রেক্ষাপটে কয়েক দিনের গুঞ্জনের মধ্যে সংসদ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে সামরিক বাহিনী এক বছরের জরুরি অবস্থা প্রেসিডেন্টের মাধ্যমে ঘোষণা করিয়ে সর্বময় ক্ষমতা সামরিক প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের হাতে ন্যস্ত করে। বর্তমান এ ব্যবস্থাকে জরুরি আইনের সময়কাল বলা হলেও কার্যত মার্শাল ল বা মিলিটারি শাসনই বলা যায়। সামরিক শাসন মিয়ানমারে নতুন নয়। ১৯৬২ সালে জেনারেল নে উইন ক্ষমতা দখল করেন। নে উইন মিয়ানমারের স্বাধীনতাসংগ্রামের নেতা জেনারেল অং সানের ৩০ কমরেডের একজন ছিলেন। প্রায় দুই যুগ নে উইন ছিলেন কঠিন সামরিক শাসক (১৯৬২-৮৮)। এরপর তাঁর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাসীন হন জেনারেল সা মং।
যা–ই হোক, এককথায় মিয়ানমার ২০১১ সাল পর্যন্ত সামরিক শাসনের অধীনে ছিল। এত বছরে মিয়ানমারের সামরিক বাহিনী শুধু শক্তিশালীই হয়নি, সংবিধান রচনা করে কথিত গণতন্ত্র প্রতিষ্ঠায় দৃশ্যত সহযোগিতা করেছে। যার পরিপ্রেক্ষিতে ১৫ বছর বন্দী থাকবার পর সু চি গত পাঁচ বছর সামরিক বাহিনীর অংশীদারত্বের মধ্য দিয়ে সরকারপ্রধান ছিলেন। এরই মধ্যে ২০১৭ সালে মিয়ানমারের ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ ও বর্বরতা সংঘটিত হয় রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের ওপর। যার পরিপ্রেক্ষিতে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়।






