বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পাঁচ বছর হয়ে গেল। অথচ চুরি হওয়া অর্থের বের আসেনি। এমনকি অর্থ ফেরত দেওয়ার আশ্বাসও মেলেনি। রিজার্ভ চুরি নিয়ে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে যে মামলা করেছিল, তা–ও টেকেনি। অর্থ ফেরত ও জড়িতদের শাস্তির জন্য এখন নতুন করে স্টেট কোর্টে মামলা করেছে। এখনো সেই মামলার শুনানি শুরু হয়নি। ফলে অর্থ ফেরত পাওয়ার আশার আলো কোথাও দেখা যাচ্ছে না।
এদিকে রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশেও কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে নিরাপত্তাব্যবস্থা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন কোনো ধরনের সতর্কতা পেলেই বিভিন্ন নেটওয়ার্কে কড়া তদারকি ব্যবস্থা নিচ্ছে। এমনকি কর্মকর্তাদের কম্পিউটারে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখছে। আর ব্যাংকগুলোকেও সময় সময় সতর্ক করার পাশাপাশি বিভিন্ন ব্যবস্থা নিতে বলছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক বা নিউইয়র্ক ফেডে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৮১০ কোটি টাকা চুরি হয় ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি। এর মধ্যে বিভিন্ন সময়ে ফেরত আসে ১ কোটি ৫০ লাখ ডলার। এখনো চুরি হওয়া অর্থের ৬ কোটি ৬০ লাখ ডলার বা ৫৬১ কোটি টাকা উদ্ধার হয়নি।






