কোনো অফার দেখে স্মার্টফোন বা ল্যাপটপ কিনতে যাওয়ার বা রেস্তোরাঁয় খেতে যাওয়ার আগে কোথাও ‘শর্ত প্রযোজ্য’ লেখা আছে কি না খেয়াল করেন নিশ্চয়ই? মূল্য সংযোজন কর বা ভ্যাটের জন্য পণ্যের মূল্যের সঙ্গে থাকা ++ (প্লাস প্লাস)। পাশাপাশি পণ্য ও সেবার সঙ্গে থাকতে পারে ‘ভ্যাট প্লাস’ নামের কিছু শর্ত। ‘একটার সঙ্গে আরেকটা বিনা মূল্যে’—স্মার্টফোন কেনা বলেন বা যদি রেস্তোরাঁয় খাবারের বেলায় এমন অফার হয়, তো কথাই নেই! দলবল নিয়ে অনেকেই ঝাঁপিয়ে পড়েন। দেদার খাওয়ার পর বা নতুন যন্ত্র কেনার পর বিল দিতে গিয়ে হতভম্ব হওয়ার পালা। রেস্তোরাঁয় খেতে গেলে ভ্যাট দেওয়ার পাশাপাশি ছোট্ট করে তারকা দিয়ে ‘শর্ত প্রযোজ্য’ কথাটি খেয়াল করেন না অনেকেই। এরপর আছে মোবাইল বা প্রযুক্তিপণ্য কেনাবেচার বা মোবাইল সেবার ক্ষেত্রে নানা রকম শর্ত। এই শর্তের মধ্যেই এমন অনেক কিছুই থাকে, যা আপনার পকেট থেকে বাড়তি অর্থ বের করে নেয়। তাই কোনো পণ্য কেনার আগে বা রেস্তোরাঁয় খাওয়ার আগে ওই ছোট ‘শর্ত প্রযোজ্য’ লেখাটির গুরুত্ব বুঝে নিতে হবে। জেনে নিতে হবে কী সেই শর্তগুলো।
অনলাইন ও ফেসবুকে একটি রেস্তোরাঁর দেওয়া ১৫ শতাংশ ছাড়ের বিষয়টি চোখে পড়ে। ছাড়ের জন্য বেশ কিছু শর্ত দেয় তারা। শর্ত হিসেবে লেখা রয়েছে—প্রতি সপ্তাহের রবি-মঙ্গলবার যেকোনো দিন দুপুরে যেতে হবে। অফার শুধু শিক্ষার্থীদের জন্য। মেয়াদ নির্দিষ্ট সময়ের জন্য। এক আইডিতে চারজন খেলে তবে ছাড় মিলবে। আইডি না থাকলে ছাড় নয়। এখন কেউ যদি এসব শর্ত না জেনে অফার ভেবে খেয়ে বসেন, তবে তাঁকে বাড়তি টাকা গুনতেই হবে।






