রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সুদৃষ্টি আকর্ষণ দরকার

২০২০ সালের শেষ সপ্তাহে দ্বিতীয় পর্যায়ের ১ হাজার ৮০৪ জন ভাসানচরগামী রোহিঙ্গা বহরের ছবি তোলার সময় আবুল কালাম নামের একজন ফটোগ্রাফারকে আটক করা হয় এবং পরে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তির স্ত্রী জানাচ্ছেন কালামের বোন ওই বিদায়ী বহরের বাসযাত্রী থাকায় কালাম স্মৃতি ধরে রাখবে বলে ছবি তুলতে গিয়েছিল। বাংলাদেশেও সে ১৯৯২ সাল থেকেই বসবাস করছে। তা ছাড়া ফটোগ্রাফি তার শখের পেশা। সুখবর এই যে কালামের দ্রুত জামিন হয়েছে।

রোহিঙ্গা সমস্যার সমাধানে যখন আন্তর্জাতিক মহলের আরও সুদৃষ্টি আকর্ষণ দরকার, ঠিক সেই সময়টিতেই কালামের গ্রেপ্তারটি খুব সুবিবেচনাপ্রসূত কাজ হয়েছে মনে করার কারণ নেই। পুলিশ যদিও বলছে আগের অন্য কোন এক পুরোনো মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে নাকি তাকে আটক করা হয়েছে। এই আটকের কাজটি নিশ্চয়ই দ্বিতীয় রোহিঙ্গা বহর ভাসানচরে যাওয়ার আগে বা পরে বা অন্য কোনো সময়ও করা যেত। ছবি তোলা আপত্তির বিষয় হলে ক্যামেরার মেমোরি কার্ড মুছে ক্যামেরা ফেরত দিয়ে সেই সময়ের জন্য তাকে চলে যেতে দেওয়া যেত। আপাতদৃষ্টিতে ঘটনাটিকে বাংলাদেশের অভ্যন্তরে নিতান্তই তুচ্ছ ঘটনা মনে করা হলেও আদতে বিষয়টি অতটা তুচ্ছ নয়।