তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আজ সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছে ক্যারিবীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই করোনার লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষার ইতি ঘটবে বাংলাদেশ দলের।
গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে বাংলাদেশ। এরপর করোনার পর গোটা পৃথিবীতেই ক্রিকেট বন্ধ হয়ে গিয়েছিল। তবে গত জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আবারও শুরু হয় ক্রিকেট। এরপর একে একে প্রায় সব টেস্ট খেলুড়ে দেশই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও বাংলাদেশের অপেক্ষাটা দীর্ঘই হচ্ছিল। গত অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতেই টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও কোয়ারেন্টিন-সংক্রান্ত জটিলতায় সেটি স্থগিত হয়ে যায়।






