ছবির কাজ শেষ পর্যায়ে। শিগগিরই ছবিটি সেন্সরে জমা দেওয়া হবে। সেন্সর পেলেই ‘রাত জাগা ফুল’ ছবিটি মুক্তির দিন-তারিখ ঠিক করবেন পরিচালক মীর সাব্বির। গতকাল শুক্রবার ছিল এই অভিনেতা ও পরিচালকের জন্মদিন। এই দিনে সাধারণত শুটিং না করলেও, কাল ‘বাকের খনি’ নামের ধারাবাহিক নাটকের শুটিং করতে হয়েছে তাঁকে। আর জন্মদিনে সেরা উপহার হিসেবে পেয়েছেন একটি চিরকুট।
টিভিনাটকে বরিশালের ভাষাকে জনপ্রিয় করার পেছনে যাঁদের অবদান রয়েছে, মীর সাব্বির সেই দলের অন্যতম। এ নিয়ে রীতিমতো গর্বিত তিনি। আর নিজের মাতৃভাষার জনপ্রিয়করণকে নিজের বিজয় হিসেবে দেখেন সাব্বির। তিনি বলেন, ‘২০০৮ সালে আমি, “বরিশাল বনাম নোয়াখালী” নামের নাটকটা বানিয়েছিলাম। তারপর থেকে নাটকে বরিশালের আঞ্চলিক ভাষা দেশের মানুষের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠে। মায়ের কাছে শেখা ভাষা নাটকের মাধ্যমে মানুষের কাছে অধিক পরিচিতি পাচ্ছে, এটা আমাকে খুব আনন্দ দেয়। একে নিজের বড় বিজয় মনে করি।’






