রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা স্থগিত করার জন্য উপাচার্যের সঙ্গে কথা বলতে গেলে চাকরিপ্রত্যাশী ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতা–কর্মীরা ধাক্কা দিয়ে শিক্ষকদের সরিয়ে দিয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপাচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের নেতা–কর্মীদের জটলার মধ্যে থেকে এক ব্যক্তি শিক্ষকদের ‘গুলি করে দেওয়ার’ হুমকি দেন।

আজ সকাল সাড়ে ১০টায় উপাচার্য বাসভবনে সিন্ডিকেটের ৫০৬তম নিয়মিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকাল নয়টার দিকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ, ডিবি সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যদের দেখা যায়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রায় অর্ধশত সাবেক ও বর্তমান নেতা–কর্মী প্যারিস রোডে উপাচার্যের বাসভবনের পাশে অবস্থান নেন। এর পাশে বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারীকেও দেখা গেছে। এ সময় সাবেক উপাচার্যের অনুসারী প্রগতিশীল শিক্ষক সমাজের ‘দুর্নীতিবিরোধী শিক্ষকবৃন্দ’ অংশের অন্তত অর্ধশত শিক্ষক উপাচার্যের বাসভবনের সামনের আমচত্বরে উপস্থিত ছিলেন।