ট্যাবলেট কম্পিউটার ও ক্রোমবুকের বৈশ্বিক চাহিদা

চলতি বছরের প্রথম তিন মাসে ট্যাবলেট কম্পিউটার ও ক্রোমবুকের বৈশ্বিক চাহিদা ব্যাপক আকারে বাড়তে দেখা গেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বছর অনুযায়ী তুলনা করলে ট্যাবলেট কম্পিউটারের বাজার ৫৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ বছর ৩ কোটি ৯৯ লাখ ইউনিট ট্যাবলেট পিসি বাজারে এসেছে। ক্রোমবুক বাজারে আসার হার বেড়েছে ৩৫৭ দশমিক ১ শতাংশ। এ বছরের প্রথম তিন মাসেই ১ কোটি ৩০ লাখ ইউনিট ক্রোমবুক বাজারে এসেছে।

আইডিসি বলছে, যে হারে ট্যাবলেট বাজারের প্রবৃদ্ধি হয়েছে, তা সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৩ সালের তৃতীয় প্রান্তিক, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসে। ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।