রোহিঙ্গাদের নির্যাতনের জবাবদিহি নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক ফৌজদারি আদালতে বাংলাদেশের মামলা দায়েরের নতুন উদ্যোগকে কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা স্বাগত জানিয়েছেন। তবে তাঁরা সতর্ক করেছেন, এই প্রক্রিয়ায় যাওয়ার আগে চীন, ভারত ও রাশিয়ার মতো বন্ধুদেশগুলোর সঙ্গে অর্থবহ আলাপ-আলোচনা করে নেওয়ার প্রয়োজন রয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে নারীপক্ষের আমন্ত্রণে শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী বাংলাদেশ সফর করেন। তাঁরা হলেন নর্দান আয়ারল্যান্ডের ম্যারিড ম্যাগুয়ের, ইরানের শিরিন এবাদি ও ইয়েমেনের তাওয়াক্কল কারমান। গত ২৮ ফেব্রুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওই তিন নোবেল কন্যা সাক্ষাৎ করেন। নোবেল বিজয়ীরা এ সময় বাংলাদেশের উদ্যোগে আইসিসিতে মামলা দায়েরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বলে একটি সূত্র জানায়। এ সময় তাঁরা যুক্তি দেন যে, মিয়ানমার আইসিসির পক্ষভুক্ত না হলেও বাংলাদেশ পক্ষভুক্ত। আর যেহেতু নির্যাতিত রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশেই আশ্রয় নিয়েছে, তাই বাংলাদেশ আইসিসিতে যেতে পারে।






