আজকে হৃদয়ের উৎসারিত সবটুকু আবেগ দিয়ে বলতে ইচ্ছে করে, ‘মা, তোমাকে খুব ভালোবাসি, শুধু আজকে নয়, প্রতিদিনই।’ অনেকেই ভাবেন বা বলেন যে মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য কোনো বিশেষ দিবস দরকার নেই। আবার অপর দিকে অনেকে শুধু এই দিনে মাকে নিয়মরক্ষার জন্য উপহার, কার্ড, ফুল, কেক পাঠিয়ে বা সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের ছবিসহ মা দিবসের বিশেষ পোস্ট দিয়েই কর্তব্য সারেন। অথচ এই দিবসটির সত্যিকারের উদ্দেশ্য হলো, মা এবং মাতৃত্বের সর্বজনীন রূপটির প্রতি সবার শ্রদ্ধা আর ভালোবাসা জাগিয়ে তোলা।
এখন এই বিশ্বজুড়ে ভয়াল অতিমারিতে যেন কিছুটা হলেও মানুষ মায়েদের মূল্য বুঝতে শিখছে। কেউ মা হারিয়েছে, কেউ বা অনেক যুঝে মাকে ফেরত পেয়েছে যমের দুয়ার থেকে; কেউবা আশপাশে মৃত্যুর মিছিল আর স্বজনদের আহাজারি দেখে নিজের মাকে আরও বেশি বেশি যত্ন নিতে, ভালোবাসতে উদ্গ্রীব হয়ে উঠছে। হয়তো এবারের মা দিবসে মাকে নিয়ে বাইরে খেতে যাওয়া, শপিং ইত্যাদি হয়ে উঠবে না পরিস্থিতি-বাস্তবতায়। কিন্তু খুব ছোট ছোট বিষয় খেয়াল করলে মা দিবসটি একেবারে হৃদয়গ্রাহী করে তোলা যায় নিজের মা, নিজের জীবনসঙ্গীর মা অথবা নিজের সন্তানের মায়ের জন্য।
মা মানেই মায়া। মা মানেই মমতার অশেষ ফল্গুধারা। একেবারে নিঃস্বার্থভাবে মায়ের অসীম কষ্ট সয়ে গর্ভধারণ, নিজে খেয়ে না খেয়ে সন্তানকে খাইয়ে পরম স্নেহে লালন–পালন, অসুস্থতায় নির্ঘুম শুশ্রূষা, প্রার্থনায় সন্তানের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা—সারা জীবনে মায়ের ভালোবাসা আর অবদানের কথা বলে শেষ করা সম্ভব নয়। বিনিময়ে একেবারে কিছুই না চাইলেও প্রতিটি মায়ের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে স্বীকৃতি, ভালোবাসা আর সম্মান। তাই তো সহজে না বলা হয়ে ওঠা ‘মা, তোমাকে খুব ভালোবাসি’ বলার জন্য এর চেয়ে ভালো সময় খুঁজে পাওয়া কঠিন।






