কুষ্টিয়ার বাজিতপুর গ্রামের এক কৃষকের চার মেয়ে, এক ছেলে। ছেলের বাড়িতে বৃদ্ধ বাবার ঠাঁই হয়নি। মেয়েরা পালা করে তাঁকে রাখতেন। ব্যাপারটা জামাইদের পছন্দ হতো না। সেজ মেয়ের বাড়িতে এক রাতে খাবারের জন্য অনেকক্ষণ বসে থেকেও শেষ পর্যন্ত কেউ খাবার দিয়ে গেল না দেখে বৃদ্ধ ট্রেনে চেপে ঢাকায় চলে এলেন। এক হিতাকাঙ্ক্ষী তাঁকে বৃদ্ধাশ্রমে নিয়ে গেলেন। সেখানে তিনি শান্তিতে আছেন।
আমাদের গড় আয়ু বেড়ে এখন ৭২ বছর ৩ মাস ১৮ দিন। মোট জনসংখ্যার প্রায় ৮ শতাংশ প্রবীণ। সামাজিক-পারিবারিক বিচ্ছিন্নতা বৃদ্ধির ফলে তাঁদের জন্য ছোট হয়ে আসছে পৃথিবী। প্রথম আলোর এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা বলেন, প্রবীণেরা একাকিত্ব ও দারিদ্র্যে অসহায় এবং সমাজ, রাষ্ট্র, পরিবারে বিভিন্ন পর্যায়ে বৈষম্যের শিকার। প্রবীণহিতৈষী সংঘের মহাসচিব বলেন, প্রবীণ নারীর চেয়ে প্রবীণ পুরুষ সামলানো সহজ; যেমন বৃদ্ধাশ্রমে, তেমনি বাড়িতেও। এ সমাজব্যবস্থায় নারী শৈশবে পিতার, যৌবনে স্বামীর, বার্ধক্যে পুত্রের আশ্রিতা। তাই বৃদ্ধাশ্রমের বাসিন্দারা নারী-পুরুষনির্বিশেষে পুত্রের ঘাড়ে দোষ চাপান। আবার বলা হয়, পুত্ররা তো ভালোই ছিল, তাদের প্ররোচিত করে তাদের স্ত্রীরা।






