বাধার মুখে নেমে গেল ‘জান্নাত’!

প্রতি সপ্তাহে যেখানে প্রেক্ষাগৃহ বাড়ার খবর দিচ্ছেন ‘জান্নাত’ ছবির নায়ক-নায়িকারা, সেখানে আজ একেবারে অন্য রকম একটি খবর দিলেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে মানিক জানান, ‘ব্যাপক বাধার মুখে সাতক্ষীরাতে “জান্নাত” ছবির প্রদর্শনী স্থগিত!’ পরিচালকের এমন পোস্টে চলচ্চিত্রের অনেক পরিচালক, শিল্পী ও কলাকুশলী অবাক হয়ে যান।

ঈদুল আজহায় দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জান্নাত’ ছবিটি। প্রথম সপ্তাহ পার হতে না–হতেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়তে থাকে। এখন ৬০টি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হচ্ছে বলে জানান পরিচালক।

সাতক্ষীরায় সংগীতা সিনেমা হলে ‘জান্নাত’ ছবির প্রদর্শনী বন্ধ হওয়ার বিষয়ে প্রথম আলোকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘ছবির নাম নিয়ে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের মতে, “জান্নাত” নামটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। শুধু তা-ই নয়, ছবিতে কিছু দৃশ্যও আছে, যা ধর্মীয় অনুভূতির আঘাত। বিষয়টি আমরা প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে জানিয়ে দিলে তারা প্রদর্শনী বন্ধ করে দেয়। আমরা আরও বলেছি, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ আমাদের ছবিটি দেখানোর পর যদি তেমন কিছু পাওয়া না যায়, তাহলে ছবিটি প্রদর্শনে বাধা থাকবে না।’

LEAVE A REPLY