কিয়েভো ভেরোনার এই মৌসুমটা খারাপ যাচ্ছে বলাই যায়। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে হয়েছে জুভেন্টাসের। ড্র করার সুযোগ পেয়ে পেয়েও শেষ মুহূর্তে হাতছাড়া হয়ে গেছে। এরপরের ম্যাচে ফিওরেন্তিনার কাছে ৬-১ গোলের হার। টানা দুই হারের পর যখন এমপোলির বিপক্ষে ড্র করে এক পয়েন্টের প্রশান্তি পেয়েছে, তখনই পড়ল পয়েন্ট কাটার কোপ। সে কোপে তিন পয়েন্ট বিয়োগ হয়ে এখন দলের পয়েন্ট মাইনাস দুই!
কিয়েভো ভেরোনা ও সেসেনার মাঝে কয়েকটি খেলোয়াড় বিনিময়ের ঘটনা ঘটেছে গত তিন বছরে। নিচু লিগের দল সেসেনা থেকে কিছু খেলোয়াড় কিনেছে কিয়েভো। এবং গত চার বছরে মোট দামের সঙ্গে ২৭ মিলিয়ন ইউরো বেশি দেখিয়েছে ভেরোনার দলটি।
গত তিন বছরে যে পরিমাণ দলবদল হয়েছে তার মোট লাভের পরিমাণ দেখানো হয়েছে এমনভাবে যাতে তাদের দলবদলে কোনো প্রভাব না পরে। এভাবে লাভের অঙ্কটা অনেক বাড়িয়ে দেখানো গেছে। দলের আর্থিক লাভ ক্ষতির অঙ্কটা এভাবে সাজিয়ে নিয়েই নিজেদের সিরি ‘আ’তে টিকিয়ে রেখেছে তারা। দলের লাভের পরিমাণটা বারিয়ে নেওয়ায় খেলোয়াড়দের জন্য বেতনের সীমাটাও ধরে রাখতে পেরেছে। উয়েফার নিয়মানুযায়ী দলের আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রেখেই দলের বেতন কাঠামো ঠিক করতে হয়।






