৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা আদালত নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩-এর অধীনে একটি মামলায় পুলিশের তিন সদস্যকে যাবজ্জীবন এবং দুজন কথিত ‘সোর্স’কে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এ আইনের অধীনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা এটাই প্রথম।
১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বা আইজিপি) ছিলেন এ এস এম শাহজাহান। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। মৃত্যুবরণ করেন ২০১৯ সালে। তিনি অবসরে যাওয়ার পর তাঁর সঙ্গে আমার পরিচয় হয়।আট-নয় বছর আগে বেশ কিছু সময় আমরা দুজনেই ঢাকার ইউএনডিপি অফিসে কনসালট্যান্ট হিসেবে কাজ করেছিলাম। সে সময় তাঁর সঙ্গে আমার বেশ কথাবার্তা হতো। কথা প্রসঙ্গে একদিন বলেছিলেন, তাঁর আইজিপির হিসাবে তাঁর প্রায় চার বছরের দায়িত্বকালে পুলিশের হাতে নিহত হয়েছিল মাত্র একজন নাগরিক—দিনাজপুরের কিশোরী ইয়াসমিন। মেয়েটি ঢাকা থেকে বাসে চড়ে দিনাজপুর শহরের কাছে দশমাইল নামের এক জায়গায় বাস থেকে নামে। কিছু দূরে বাড়ি, বাড়ি পর্যন্ত নিজেই যাবে বলে। তখন একটা পুলিশের গাড়ি আসে, তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে পুলিশের গাড়িতে তোলে। ধর্ষণ করে তার মৃতদেহ পুলিশ রাস্তায় ফেলে যায়।






